নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
এসআইআর (Special Intensive Revision)-এর শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, কবি, অভিনেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ডাকা নিয়ে আগেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এক সদস্যকে শুনানিতে ডাকা ঘিরে নতুন করে শোরগোল। নোটিস পেয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। বিষয়টি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে—নেতাজির পরিবারের সদস্যকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে?
এই বিতর্কের মাঝেই পরিস্থিতি স্পষ্ট করতে সামনে এল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। কমিশনের তরফে জানানো হয়েছে, চন্দ্রকুমার বসুর ক্ষেত্রে কোনও ব্যতিক্রমী পদক্ষেপ করা হয়নি। তাঁর জমা দেওয়া এনুমারেশন ফর্মে ‘লিঙ্কেজ’ সংক্রান্ত অংশটি ফাঁকা থাকায়, কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনেই তাঁকে শুনানির নোটিস পাঠানো হয়েছে।
সিইও দফতরের ব্যাখ্যা অনুযায়ী, এনুমারেশন ফর্মে প্রত্যেক ভোটারকে উল্লেখ করতে হয়, তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল কি না। যদি না থাকে, সে ক্ষেত্রে বাবা-মা বা নিকট আত্মীয়দের নাম ও তথ্য দিতে হয়, যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। চন্দ্র বসুর ফর্মে এই লিঙ্কেজ সংক্রান্ত অংশটি পূরণ না থাকায়, নিয়ম অনুযায়ী তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।
নেতাজির প্রপৌত্রকে নোটিস পাঠানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে—এটি কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত বিষয় নয়, সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। অন্যান্য ভোটারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
প্রসঙ্গত, চন্দ্রকুমার বসু ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির টিকিটে দু’বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন—২০১৬ সালের বিধানসভা ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। তবে দু’বারই পরাজিত হন। পরবর্তীকালে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি দলত্যাগ করেন। বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও, এসআইআর শুনানির নোটিস ঘিরে শুরু হওয়া বিতর্কে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।







