পার্কিং বিবাদে তরুণী আইনজীবির উপর হামলার অভিযোগ দক্ষিণ কলকাতায়।
গতকাল বিকেলে চারু মার্কেট থানা এলাকায় প্রকাশ্য রাস্তায় ওই আইনজীবী তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে।
আইনজীবীর দাবি, বাড়ির কাছে চেম্বার খোলার সময়, সেখানে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, তা নিয়ে বচসা জুড়ে দেন এলাকারই কয়েকজন যুবক। আইনজীবীর অভিযোগ, তাঁকে কোপানোর পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়, করা হয় গালিগালাজ। অভিযুক্তপক্ষের দাবি, আক্রান্ত হয়েছেন তাঁরাই। তাঁদের পাল্টা অভিযোগ, আইনজীবীর বাবা পেশায় প্রোমোটার। তিনি এলাকায় একের পর এক অবৈধ নির্মাণ করে চলেছেন। তার প্রতিবাদ করাতেই দলবল জুটিয়ে হামলা চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। চারু মার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে দু’পক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।







