হিমাচল প্রদেশে ভারী তুষারপাতের জেরে কার্যত স্তব্ধ জনজীবন। প্রশাসন সূত্রে খবর, রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ৬৮৫ থেকে ৭০০টি রাস্তা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাহুল ও স্পিতি জেলা, যেখানে ২৯২টি রাস্তা বন্ধ। এ ছাড়াও চম্বায় ১৩২টি, মন্ডীতে ১২৬টি, সিরমৌরে ২৯টি, কিন্নৌরে ২০টি, কাংড়ায় ৪টি, উনায় ২টি এবং সোলানে ১টি রাস্তা বন্ধ রয়েছে।
রাজ্যের শৈলশহরগুলিতে হালকা থেকে ভারী তুষারপাত চলছে। বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। এর জেরে ভয়াবহ যানজট তৈরি হয়েছে মানালি, শিমলা, কুফরি-সহ একাধিক পর্যটন এলাকায়। মানালির কোঠি থেকে মানালি যাওয়ার মাত্র ৮ কিলোমিটার রাস্তায় দীর্ঘ গাড়ির লাইন। টানা তুষারপাতের কারণে অনেক পর্যটককে রাতভর গাড়িতেই কাটাতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকেই যানজট শুরু হয়। রবিবার পর্যন্ত বহু জায়গায় রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়নি। কয়েক হাজার পর্যটক বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। ফলে হিমাচলের একাংশে কার্যত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।
পর্যটকদের ভিড়েই বাড়ল সমস্যা
শীতের শুরুতে তুষারপাত না হওয়ায় প্রথম দিকে পর্যটকের সংখ্যা কম ছিল। তবে জানুয়ারির শেষ দিকে আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গে তুষারপাত শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ঢল নামে। প্রশাসন সূত্রে খবর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি থেকে সপ্তাহান্তে বিপুল সংখ্যক গাড়ি ঢুকেছে মানালি, শিমলা ও কুফরিতে।
মানালিতে বর্তমানে ১০০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে। বহু পর্যটক সেখানে পৌঁছে হোটেল না পেয়ে সমস্যায় পড়ছেন। বাধ্য হয়ে কেউ কুলু, কেউ কুফরি বা অন্য গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন।
জাতীয় সড়ক বন্ধ, বিদ্যুৎবিভ্রাট
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বন্ধ রয়েছে দুটি জাতীয় সড়ক—৩ নম্বর ও ৫০৫ নম্বর। পাশাপাশি একাধিক এলাকায় বিদ্যুৎবিভ্রাট চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শিমলা থেকে ১০ কিলোমিটার দূরের ঢাল্লিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। হিন্দুস্তান-টিবেট রোড বরফের পুরু চাদরে ঢাকা পড়েছে। তুষারপাতের কারণে কিন্নৌর ও শিমলার নারকান্ডা, জুব্বল, কোটখাই, কুমারসৈন, খারাপাথর, রোহরু ও চৌপল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্য দিকে, কাংড়া, মন্ডী, সোলান, উনা, বিলাসপুর ও হামিরপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
পর্যটকদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়
আটকে পড়া পর্যটকদের অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ট্যাক্সিচালকেরা অতিরিক্ত ভাড়া চাইছেন। ২০ কিলোমিটার পথের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ।
দিল্লি থেকে আসা পর্যটক অক্ষয় বলেন,
“তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর গাড়ি ছেড়ে হেঁটেই মানালি যাওয়ার সিদ্ধান্ত নিই। প্রায় সাত কিলোমিটার হেঁটে পৌঁছতে হয়েছে।”
আর এক পর্যটক তৃষা জানান,
“গাড়িতেই সারারাত কাটাতে হয়েছে আমাদের।”
প্রশাসনের সতর্কতা
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ভারী তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে পর্যটকদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।







