আরজিকরকাণ্ডে অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, আংশিকভাবে তুলে নেওয়া হচ্ছে কর্মবিরতি। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করবেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই ব্যাপারে জানিয়েছেন তাঁরা। তবে, আন্দোলন জারি থাকবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের সামনের ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা। সেখান থেকেই জানানো হয়, শুক্রবার থেকে কর্মবিরতি আংশিক ভাবে তুলে নেওয়া হবে। আজ বিকেল ৩টে নাগাদ ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি মিছিল হবে। এই কর্মসূচির মাধ্যমেই অবস্থান তুলে নেওয়া হবে।
অন্যদিকে, বন্যা কবলিত এলাকাগুলোর পরিস্থিতি দেখে এবার এগিয়ে যান জুনিয়র চিকিৎসকরা। ডাক্তাররা জানিয়েছেন, দুর্গতদের পাশে তাঁরা রয়েছেন। অভয়া ক্লিনিক বন্যা কবলিত এলাকায় করা হবে, এই সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের।






