গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি হিসেবে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। মাত্র কয়েক দিনে প্রায় ৯৯ শতাংশের বেশি বাড়িতে ফর্ম পৌঁছে গিয়েছে, এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে ফর্ম বিলি করছেন। এরপর সেখানেই ভোটারদের তথ্য সংগ্রহ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করছেন তাঁরা।
ভোটারের পরিচয় যাচাই করতে এবার প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করছে কমিশন। নকল বা ভুয়ো ভোটার শনাক্ত করতে ভোটারদের মুখের ছবি স্ক্যান করে মিলিয়ে দেখবে এই প্রযুক্তি। সে কারণেই প্রত্যেক ভোটারের নতুন ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে বিএলও-দের। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে—এনুমারেশন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। কারও ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে।
কমিশনের বিজ্ঞপ্তিতে সোমবার আরও যে বিষয়গুলি স্পষ্ট করা হয়েছে—
১) মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম—সব ক্ষেত্রেই সঠিক তথ্য জানানো বাধ্যতামূলক বিএলও-দের জন্য।
২) প্রতিদিন ৫০টি পর্যন্ত ফর্ম জমা দেওয়া বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) প্রত্যেক ফর্মের তথ্য সঠিক বলে জানাতে হবে। তাঁদের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরও নথিভুক্ত হবে।
৩) ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারায় সর্বোচ্চ এক বছর জেল বা জরিমানা, বা উভয়ই হতে পারে।
৪) যাচাইয়ে ভুল থাকলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩২ নম্বর ধারায় শাস্তি হবে বিএলও-দের।
৫) ডিজিটাইজ়েশন সম্পূর্ণ হওয়ায় সব নথি, স্বাক্ষর ও ছবি ডিজিটাল রেকর্ডে থাকবে—ভুল ধরা সহজ হবে।
৬) কোনও তথ্য ভুল থাকলে কেবল একটি দাগ টেনে কেটে দিয়ে, একই সারিতে সঠিক তথ্য লিখতে হবে।
৭) যাঁরা এখনও ফর্ম পাননি, তাঁরা ১৯৫০ বা ০৩৩-২২৩১-০৮৫০ নম্বরে ফোন করতে পারেন। হোয়াট্সঅ্যাপে ৯৮৩০০৭৮২৫০ নম্বরে নিজের নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট ও সিরিয়াল নম্বর পাঠালেই ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের প্রায় ৮০ লক্ষ এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ় হয়ে গিয়েছে। ভোটার তালিকা আরও নির্ভুল করতে এবার কমিশন কঠোর অবস্থান নিয়েছে বলে স্পষ্ট।







