জেলা

ভোটার তালিকা জটিলতা ঘিরে আতঙ্ক, মানিকচকে পঞ্চাশোর্ধ ব্যক্তির মৃত্যু

মানিকচকের নুরপুর নিচু তিওরপাড়ার এলাকায় শোকের ছায়া। ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক শুনানি নিয়ে চরম মানসিক চাপের মধ্যেই শেখ শরিফুল নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পরিবারের দাবি, শেখ শরিফুলের নাম ভোটার কার্ডে ২০০২ সালেই ‘মৃত’ হিসেবে নথিভুক্ত ছিল। বর্তমানে তাঁর দুই ছেলের পিতার নামও শেখ শরিফুল হওয়ায় একই নামে দুই প্রজন্মের তথ্য মিলে যাওয়ায় তৈরি হয় প্রশাসনিক বিভ্রান্তি। এই ‘লজিক্যাল ডিসক্রিপেনসি’র কারণেই গত পাঁচ দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। এরপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে—এই আশঙ্কায় প্রবল দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।

মঙ্গলবার দুই ছেলের শুনানির দিন ধার্য ছিল। তবে তার আগেই মঙ্গলবার সকালে বাড়িতেই মৃত্যু হয় শেখ শরিফুলের। বর্তমানে মৃতদেহ বাড়িতেই রাখা হয়েছে। পরিবার জানিয়েছে, শুনানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শেষকৃত্য করা হবে।

এই মৃত্যুর ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত নোটিশ ও শুনানির ভয়ে বহু পরিবার মানসিক চাপে রয়েছেন। প্রশাসনিক ত্রুটির জেরে সাধারণ মানুষের উপর এমন চাপ কতটা যুক্তিসঙ্গত—তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.