জেলা

মৃতদেহকে ঘিরে পরিবারের দ্বন্দ্ব, আহত শববাহী গাড়ির চালক

নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। মৃতদেহ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বেই গাড়িতে চললো ভাঙচুর, আহত শববাহী গাড়ির চালক। শেষপর্যন্ত থানাতেই রাখতে হল মৃতদেহ। ঠিক এমনটাই ঘটলো জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায়। জানা গেছে কালী পুজোয় ঠাকুর দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন দেব নগর এলাকার বাসিন্দা সঞ্চারী সরকার। এরপর তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হলে সোমবার বিকেলে মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে খবর মৃতের মৃতদেহ মঙ্গলবার বাড়ি পৌঁছাতেই মৃতের বাবার বাড়ি এবং মামার বাড়ির পরিবারের মধ্যে বাধে বিবাদ। মৃতদেহ নিয়ে শ্মশানে যাবার পথেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। তাদের এই হাতাহাতিতে ক্ষতিগ্রস্ত হয় স্বেচ্ছাসেবী সংগঠনের শববাহী ভ্যান, আহত হয় গাড়ির চালক। মৃতদেহ নিয়েই জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হয় সেই স্বেচ্ছাসেবী সংগঠন। মৃত ছাত্রী সঞ্চারী সরকারের মামা সমীর দাস সংবাদ মাধ্যমকে জানান, “আমার বোনের স্বামী মারা যাওয়ার পর থেকে বোনের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ভাল ছিল না। আমার বোন মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। সেখানেই থাকত। কালী পূজোর রাতে পথ দুর্ঘটনায় যখম হয়ে শিলিগুড়িতে একটি নার্সিং হোমে ভর্তি ছিল ভাগ্নি। গতকাল মারা যায়। এরপর আজ দেহ ময়নাতদন্তের পর জলপাইগুড়ি নিয়ে আসলে আমার বোনের শ্বশুর বাড়ির তরফে দাবি করা হয় দেহ তাদের বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু আমার বোন রাজি ছিল না। তাই দেহ শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে শ্মশান যাত্রীদের ওপর হামলা করে দেহ ছিনিয়ে নিয়ে চলে যায়। শববাহী গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের লোকজনদের মারধর করা হয়। যা অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা থানায় অভিযোগ দায়ের করে গেলাম।”

অন্যদিকে মৃতার কাকা মনোজ দাস দাবী করেন, “আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা কাউকে মারিনি। আমার ভাইঝির দেহ তার ঠাকুমাকে দেখাবার জন্য আমরা রাস্তায় গাড়ি থামিয়ে দেহ বাড়িতে নিয়ে যাই। এই কাজ করতে গিয়ে আমরা উলটে আক্রান্ত হয়েছি। শববাহী গাড়ি ভাঙচুর বা কোনওরকম মারামারির সঙ্গে আমরা জড়িত নই। তাই আমরাও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলাম।” জলপাইগুড়ির কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত জানিয়েছেন, দুই পরিবারের তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.