খেলাধুলা

২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরও কাছে, সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

মেলবোর্ন: টেনিস ইতিহাসে আরও একবার নিজের অদম্য মানসিকতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রাখলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা। ম্যাচের ফল ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪। এর সঙ্গে সঙ্গে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন থেকে আর মাত্র এক ধাপ দূরে জোকোভিচ।

৩৮ বছর বয়সে এসে পাঁচ সেটের এমন লড়াইয়ে নামবেন—ম্যাচের শুরুতে তা ভাবাই কঠিন ছিল। প্রথম সেটেই নিজের প্রথম সার্ভিস গেম হারিয়ে বসেন জোকোভিচ। সুযোগ কাজে লাগিয়ে ৬-৩ ব্যবধানে সেটটি দখল করেন সিনার। তরুণ ইতালিয়ানকে দেখে তখন অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এ বার জোকোভিচের পক্ষে আর ফেরা সম্ভব নয়।

কিন্তু দ্বিতীয় সেট থেকেই বদলে যেতে থাকে ম্যাচের গতি। দর্শকদের বিদ্রুপ উপেক্ষা করে, সিনারের শক্তিশালী শটের সামনে নিখুঁত প্লেসিং আর অভিজ্ঞতার জোরে ৬-৩ ব্যবধানে সেট জেতেন জোকোভিচ। তৃতীয় সেটে ফের ছন্দে ফেরেন সিনার। আগ্রাসী টেনিসে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান তিনি।

১-২ ব্যবধানে পিছিয়েও হাল ছাড়েননি ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। চতুর্থ সেটে ধৈর্য আর কৌশলের মেলবন্ধনে ৬-৪ ব্যবধানে সেট জিতে ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে। তখন অনেকেই মনে করেছিলেন, দীর্ঘ লড়াইয়ে শারীরিক ধকল জোকোভিচের পথ আটকে দিতে পারে।

পঞ্চম সেটে শুরুতেই চাপ বাড়ান সিনার। এক সময় ব্রেক পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। সেই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নিজের সার্ভিস ধরে রেখে ম্যাচে ফিরে আসেন জোকোভিচ। ৩-৩ হওয়ার পর সিনারের সার্ভিস ভেঙে এগিয়ে যান সার্বিয়ান। অভিজ্ঞতা ও নিরাপদ টেনিসের উপর ভর করে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট এবং ম্যাচ নিজের পক্ষে নিয়ে নেন তিনি।

ম্যাচ শেষে আবেগাপ্লুত জোকোভিচ বলেন, “কী বলব বুঝতে পারছি না। চার ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চলল। শেষ বার রাফায়েল নাদালের বিরুদ্ধে এমন ম্যাচ খেলেছিলাম। আগের পাঁচ ম্যাচে সিনারের কাছে হেরেছিলাম। ও দুর্দান্ত খেলোয়াড়। এই রাতটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মনে হচ্ছে ফাইনাল খেলেই উঠলাম।”

রবিবারের ফাইনালে তাঁর প্রতিপক্ষ শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ়। সেই ম্যাচ নিয়েও সতর্ক জোকোভিচ। বললেন, “আলকারাজ়ের সেমিফাইনাল দেখেছি। অসাধারণ মানের টেনিস হয়েছে। ওর বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি। আমাকেও নিজের সেরা টেনিস খেলতে হবে।”

২০২৪ সালের উইম্বলডনের পর আবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন জোকোভিচ। এখন প্রশ্ন একটাই—রবিবার কি ইতিহাস গড়ে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নেবেন সার্বিয়ান কিংবদন্তি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.