মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়ল প্রশ্নপত্র বহনকারী গাড়ি। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বাসন্তী থানা থেকে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায় আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ কর্মী আহত হন। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশ কর্মী। আহতদের দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দু’জনেরই চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল।
ঘটনার খবর পেয়ে দ্রুত বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র উদ্ধার করা হয়। পরে বিকল্প গাড়ির ব্যবস্থা করে কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত থাকায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি।







