ফের বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর মুখে জেলবন্দি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা। সেই সঙ্গে রবিবার নির্বাচনী প্রচারে এসে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি নিয়ে বিবাদের প্রসঙ্গও প্রকাশ্যে তোলেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, একদিন না একদিন জেল থেকে মুক্তি পাবে বীরভূমের সেই তৃণমূল নেতা। বিজেপির উপর ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি প্রশংসা করেছেন ‘কেষ্ট’রও। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সেইদিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর উপাচার্য কী করেছিলেন সে দিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন। বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, তাই করছে। এটা কি নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান। বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়। ওটা বিএসএফ দেখে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়টা হাতের মুঠোয় রেখে কাজ করত।’
উল্লেখ্য, তৃণমূল সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকলেও জেলায় নেতাকর্মীদের এক বৃহৎ জায়গার মধ্যে তাঁর ‘প্রভাব’ এখনও অটুট। নির্বাচনের আগে সেই নেতাকর্মীদের জাগাতেই মমতা একাধিকবার কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তাদান করেছেন, এমনটাই দলীয় সূত্রে খবর।







