বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতির আলোচনায় উঠে এসেছে বিজেপির সংখ্যালঘু রাজনীতি। একাধিক মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করছেন, বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই কারণেই তাঁদের সঙ্গে আসার আহ্বান জানানো হচ্ছে।
তবে এই বার্তা দেওয়ার মধ্যেই রাজনীতিতে তৈরি হল বিতর্কের আবহ। শমীক এবার সরাসরি তুলে আনলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যাদের শিক্ষাগত প্রতিষ্ঠানের প্রসঙ্গ। তাঁর প্রশ্ন, “ববি হাকিমের সন্তানরা কোন স্কুলে, কোন কলেজে পড়েছে, তা একবার ভেবে দেখুন। মুসলিম সমাজও সেটা বিচার করুক।”
প্রসঙ্গত, সম্প্রতি ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন যে, বিজেপি কোনওভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পাবে না। সেই মন্তব্যের জবাবে শমীক জানান, “আমরা কারও কাছে ভোট চাইছি না। কিন্তু তৃণমূলের অবসান ঘটবেই।” এখানেই থামেননি তিনি। শাসকদলের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করে তিনি বলেন, “তৃণমূলের মুসলিম নেতারা নিজেদের সন্তানদের মাদ্রাসায় নয়, মূলধারার প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। তাহলে সাধারণ মুসলিমদের জন্য অন্য শিক্ষা ব্যবস্থার পক্ষপাত কেন?”
সিদ্দিকুল্লা চৌধুরী ও জাভেদ খানের নাম করেও একই প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি। তাঁর বক্তব্য, মুসলিম নেতারা যা নিজের সন্তানের জন্য চান, তা সাধারণ মানুষের সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। দুর্গাপুজো নিয়ে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শমীক। তাঁর কথায়, একসময়ে যিনি নিজেকে মুসলিম রাজনীতির মুখ হিসেবে তুলে ধরেছেন, তিনিই এখন দুর্গাপুজো করছেন। এত দ্রুত এমন রাজনৈতিক রূপান্তর কীভাবে সম্ভব?”
শমীকের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। বিজেপি সংখ্যালঘু সমাজের মধ্যে জায়গা তৈরি করতে চাইছে এ কথা তিনি স্পষ্ট করলেও, এই ধরনের মন্তব্যে উল্টো প্রতিক্রিয়া তৈরি হবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।






