খেলাধুলা

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলার, সন্তোষ ট্রফি থেকে বিদায় কোয়ার্টার ফাইনালেই

নিজস্ব সংবাদদাতা: সন্তোষ ট্রফিতে শিরোপা রক্ষার স্বপ্নভঙ্গ হল বাংলার। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে সার্ভিসেসের কাছে ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই অভিযান শেষ করল সঞ্জয় সেনের দল। হতশ্রী আক্রমণ, গোলের সামনে চূড়ান্ত ব্যর্থতা এবং টাইব্রেকারেও সুযোগ নষ্টের মাশুল গুনতে হল গতবারের চ্যাম্পিয়নদের।

শুরু থেকেই ম্যাচ যে সহজ হবে না, তা স্পষ্ট ছিল। প্রায় বিদায়ের মুখ থেকে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা সার্ভিসেস প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বাংলার উপর চাপ বাড়াতে থাকে তারা। ১৯ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বাংলা, বাঁপ্রান্ত দিয়ে আক্রমণ উঠলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় দল।

মাঝমাঠে তন্ময় দাস ও চাকু মান্ডিরা প্রত্যাশিত নিয়ন্ত্রণ দেখাতে পারেননি। একের পর এক ভুল পাস ও বল ধরে রাখতে না পারার সুযোগে সার্ভিসেস বারবার আক্রমণে উঠে আসে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ফলে বিরতিতে ফল থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে আকাশ হেমব্রমকে বসিয়ে বিজয় মুর্মুকে নামান সঞ্জয় সেন। উইং আক্রমণে কিছুটা গতি এলেও সার্ভিসেস রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। ম্যাচে বাংলা টিকে ছিল মূলত গোলকিপার সোমনাথ দত্তের সৌজন্যে। একাধিকবার সময়মতো এগিয়ে এসে নিশ্চিত গোল বাঁচান তিনি।

ম্যাচের শেষ লগ্নে সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে বাংলা। ডানদিক থেকে রবির লো ক্রসে সার্ভিসেসের রক্ষণ ভেঙে পড়েছিল। বাঁদিকে ফাঁকায় থাকা সায়ন বন্দ্যোপাধ্যায়ের সামনে কার্যত ফাঁকা গোল থাকলেও তিনি বল পাঠান বারের উপর দিয়ে—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।

অতিরিক্ত সময়েও একই ছবি। সার্ভিসেসের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে বাংলা। ১০০ মিনিটে গোললাইন থেকে চাকুর দুর্দান্ত সেভ না হলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যেতে পারত। শেষ পর্যন্ত দুই দলের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের আগে গোলকিপার বদল করে বাংলা। সোমনাথের জায়গায় নামেন গৌরব শ। তিনি দু’টি শট বাঁচালেও শুরুতেই বাংলার ফুটবলারদের পরপর দুটি শট মিসে সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে সেমিফাইনালে ওঠে সার্ভিসেস, আর সন্তোষ ট্রফি থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.