ক্রিকেট ছাড়ার পর বহু প্রাক্তন ক্রিকেটারকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায়। কিন্তু সেই তালিকায় মহেন্দ্র সিংহ ধোনির নাম যুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ধারাভাষ্য দেওয়ার মতো দক্ষতা তাঁর নেই, উপরন্তু ধারাভাষ্যের কিছু ধরণ ও মন্তব্য তাঁর পছন্দও নয়।
একটি ইউটিউব অনুষ্ঠানে ধোনি বলেন, ধারাভাষ্য দেওয়া আদৌ সহজ কাজ নয়। তাঁর মতে, খেলার বর্ণনা করা আর খেলোয়াড় বা দলের সমালোচনা করার মধ্যে একটি অত্যন্ত সূক্ষ্ম সীমারেখা রয়েছে, যা অনেক সময়ই মানা হয় না। ধোনির কথায়, খেলার বর্ণনা নিজেই একটি শিল্প। এমন ভাবে ধারাভাষ্য করতে হয়, যাতে কারও মনে না হয় তাঁকে আক্রমণ করা হচ্ছে। কোনও দল হারলে তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে, কিন্তু সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাউকে আঘাত না করা—এই ভারসাম্য রক্ষা করাই ধারাভাষ্যের আসল দক্ষতা।
ধারাভাষ্য থেকে নিজেকে দূরে রাখার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবেও পরিসংখ্যানের কথা উল্লেখ করেন ধোনি। তিনি স্বীকার করেন, সংখ্যার সঙ্গে তাঁর তেমন সখ্য নেই। অনেক ধারাভাষ্যকার যেভাবে খেলোয়াড়দের পরিসংখ্যান মুহূর্তে মনে করতে পারেন, সেই দক্ষতা তাঁর নেই। এমনকি নিজের পরিসংখ্যানও জিজ্ঞাসা করা হলে তিনি ঠিকঠাক বলতে পারবেন না বলেই মন্তব্য করেন মাহি। তাঁর মতে, এমন অনেকেই আছেন যাঁরা শুধু ভারতীয় ক্রিকেট নয়, গোটা একটি যুগের ক্রিকেটারদের পরিসংখ্যান অনায়াসে বলে দিতে পারেন—সেই জায়গায় তিনি নিজেকে মানানসই মনে করেন না।
ক্রিকেটজীবন হোক বা অবসর-পরবর্তী সময়—ধোনিকে কখনওই ফোনে বিশেষ সক্রিয় থাকতে দেখা যায় না। সমাজমাধ্যম থেকেও তিনি বরাবরই দূরে। এর কারণও অকপটে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। ধোনির কথায়, তিনি নিজেকে ভাল বক্তা মনে করেন না। ফোনে কথা বলতে স্বচ্ছন্দ নন, কারণ উল্টো প্রান্তের মানুষটির মুখ তিনি দেখতে পান না। এই বিষয়টায় নিজেকে বদলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি বলেই জানান তিনি।
শুধু ফোনেই নয়, সামনাসামনিও কথা বলার চেয়ে শুনতেই বেশি ভালবাসেন ধোনি। নিজেকে ‘ভাল শ্রোতা’ হিসেবেই বর্ণনা করেন তিনি। ধোনির মতে, কোনও বিষয় সম্পর্কে ভালভাবে না জানলে সে বিষয়ে কথা বলার চেয়ে চুপ করে থাকাই শ্রেয়। কারণ, নীরব থাকলে অনেক কিছু শেখা যায়—এই দর্শনেই বিশ্বাসী ভারতের অন্যতম সফল এই অধিনায়ক।







