দেশ

তৃণমূলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর তীব্র আক্রমণ, অনুপ্রবেশ ইস্যুতে সংঘাত আরও তুঙ্গে

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে নিজে হাজির হয়ে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পরই জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই বৃহস্পতিবার সংসদের মেঝেতে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি কারও নাম না করলেও তাঁর বক্তব্যে যে নিশানায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল, তা স্পষ্ট হয়ে ওঠে রাজ্যসভায় দেওয়া জবাবি ভাষণে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের তৃণমূলের সতীর্থরা অনেক কথা বললেন। একটু নিজেদের দিকে দেখুন। নীচে নামার যত রকম মাপকাঠি রয়েছে, সেগুলির প্রত্যেকটিতে নির্মম সরকার নতুন নতুন রেকর্ড গড়ছে। আর এখানে এসে উপদেশ দিচ্ছে!”
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সংসদে রাজনৈতিক উত্তেজনা এক ধাক্কায় বেড়ে যায়।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, “কী হাল করে রেখেছে! এমন নির্মম সরকারের কারণে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবছে। ক্ষমতার সুখ ছাড়া কোনও আকাঙ্ক্ষাই নেই।” তাঁর কথায়, রাজ্য সরকার মানুষের স্বার্থ উপেক্ষা করে শুধুমাত্র ক্ষমতা রক্ষার রাজনীতিতেই ব্যস্ত।

এরপর অনুপ্রবেশ ইস্যুতে আরও কড়া অবস্থান নেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টে বিচারাধীন এসআইআর মামলা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি উল্লেখ না করলেও মোদী বলেন, “অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপরে চাপ তৈরি করা হচ্ছে। যারা এই অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করছে, দেশের যুব সমাজ কীভাবে তাদের ক্ষমা করবে?”
তিনি দাবি করেন, অনুপ্রবেশের ফলে যুবসমাজের কর্মসংস্থান, আদিবাসীদের জমি এবং সামাজিক নিরাপত্তা বিপন্ন হচ্ছে।

বিজেপির দীর্ঘদিনের অভিযোগ—পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। নির্বাচন কমিশনের দাবি, স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতেই এসআইআর প্রক্রিয়া। তবে তৃণমূল শুরু থেকেই এই প্রক্রিয়ার পদ্ধতি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। কমিশনের ‘অভিসন্ধি’র অভিযোগ তুলে বুধবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হাজির হন।

তার ঠিক পরদিন প্রধানমন্ত্রী সংসদে মুখ খোলায় রাজনৈতিক মহলে স্পষ্ট বার্তা—এই সংঘাতে পিছিয়ে আসছে না বিজেপি। বরং কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্ব আরও তীব্র হতে চলেছে।

মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রাপ্য প্রায় দু’লক্ষ কোটি টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি রাজ্যের বাইরে বাঙালিদের হেনস্থা, গণপ্রহার এবং বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে প্রশ্ন করা হয়েছে—“কে আসল নির্মম?”

সব মিলিয়ে সুপ্রিম কোর্ট থেকে সংসদ—অনুপ্রবেশ ও ভোটার তালিকা ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত যে নতুন রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি করছে, তা আর অস্বীকার করার জায়গা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.