গভীর রাতে থ্রিলার সিনেমার কাহিনিকেও হার মানানো অভিযান চালালো রাণীনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতের শেষে চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বধুরপাড়ায়। মিল্টন সরকার নামে এক যুবকের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় মিল্টনের বাড়ি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই চলে তল্লাশি। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। তৎক্ষণাৎ মিল্টনকে গ্রেফতার করে রাণীনগর থানার পুলিশ।
শুক্রবার সকালে ধৃতকে বহরমপুর আদালতে পেশ করা হয় এবং তার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—সীমান্তবর্তী এই শান্তিপূর্ণ জনপদে কেন মিল্টনের বাড়িতে আগ্নেয়াস্ত্র? কী উদ্দেশ্যে জমা করছিল গুলি? শুধুই কি চোরাকারবার, নাকি এর পেছনে আছে আরও বড় কোনও ষড়যন্ত্র? পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত।
রাণীনগর থানার এক আধিকারিক জানিয়েছেন, “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই আমরা মনে করছি। মিল্টনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বধুরপাড়া এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ এখন পুলিশের দিকে তাকিয়ে—আরও কোনও লুকিয়ে থাকা বিপদের খবর সামনে আসে কি না, সেই আশঙ্কাতেই বুক ধড়ফড় করছে এলাকার বাসিন্দাদের।







