গরমের কথা আপাতত শিকেয়। দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে আবহাওয়ার এক নতুন অধ্যায়। উত্তুরে হাওয়ার জোরে ফের একবার ঠান্ডার চাদরে মুড়ছে রাজ্য। জেলা থেকে শহর—প্রায় সর্বত্রই তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তবে কি শীতের নতুন ইনিংস শুরু?
আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে শীতের রেশ টের পাওয়া যাবে জোরালোভাবেই। তাপমাত্রা ক্রমাগত নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় পারদ ১০ ডিগ্রির ঘর ছুঁতে পারে বলেও পূর্বাভাস।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর উত্তর দিক থেকে প্রবল বেগে ঢুকছে ঠান্ডা হাওয়া। তার প্রভাবেই দ্রুত নামছে তাপমাত্রা। কলকাতায় আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতেও পারদ নামতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে।
বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি অনুভূত হওয়ার আশঙ্কা। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
শুধু ঠান্ডাই নয়, বাড়বে কুয়াশার দাপটও। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় কমবেশি কুয়াশা পড়তে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু এলাকায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা মারাত্মক ভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও শীতের প্রভাব বজায় থাকবে। সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তর ও দক্ষিণ—কোনও অংশেই বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, ফেব্রুয়ারির মাঝামাঝি ফের শীতের কামব্যাকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী।







