পুজোর মুখে ফের আবহাওয়ার ভোলবদল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। ফলে পুজোর মণ্ডপসজ্জা-সহ একাধিক বাইরের কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি চললেও আপাতত ভারী দুর্যোগের আশঙ্কা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার পর্যন্ত বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই।
বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হতে পারে। ফলে পুজোর আগে কয়েকদিন বৃষ্টির আনাগোনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটছে না।






