রাজনীতি

বামেদের প্রস্তাবে মমতার সায়, বিজেপি বিরোধিতায় আরও বৃহত্তর ঐক্যের বার্তা!

ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে। বৈঠকে বাম নেতাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি কংগ্রেসের প্রধানমন্ত্রিত্বের প্রশ্নেও নিজের নমনীয় অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি সিভিল সোসাইটি এবং বিশিষ্ট বুদ্ধিজীবীদেরও বৃহত্তর পরিসরে একত্রিত করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।

বৈঠকে সিপিআই(এম) নেতা এম এ বেবি প্রস্তাব দেন, বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং বিশিষ্ট বুদ্ধিজীবীদের একই মঞ্চে আনা প্রয়োজন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই তিনি বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গত মঙ্গলবার ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, নির্বাচন কমিশনকে ঘিরে আন্দোলন সংক্রান্ত ফরওয়ার্ড ব্লক নেতা জি দেবরাজনের প্রস্তাবকেও ‘খুব ভাল’ বলে সমর্থন করেন মমতা। তাঁর প্রস্তাবে সমর্থন জানান রাহুল গান্ধীও।

উল্লেখ্য, বাংলায় ৩৪ বছরের বাম শাসনের অবসানের লক্ষ্যেই দীর্ঘদিন রাজনৈতিক লড়াই চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠনের পর তাঁর রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা। ক্ষমতায় আসার পরও বামেদের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক আক্রমণ অব্যাহত থেকেছে। এমনকি দিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর বিরোধী ঐক্যের স্বার্থে একই মঞ্চে থাকলেও সিপিএমকে নিয়ে মমতার আপত্তি বরাবরই প্রকাশ্যে এসেছে।

তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিজেপি বিরোধিতার বৃহত্তর স্বার্থে অতীতের রাজনৈতিক বিরোধ ভুলে বাম এবং অন্যান্য বামপন্থী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান আগেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বৈঠকের ঘটনাও সেই বৃহত্তর বিরোধী ঐক্যের বার্তাকেই সামনে আনছে।

অন্যদিকে, মমতার অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন বাংলার সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর মন্তব্য, “আসলে প্যাঁচে পড়লে তো অনেকেই অনেক কিছু করেন। এখন তো আর তৃণমূল দলটা নেই। যেটা আছে, তিনি যে তৃণমূলের নেত্রী, সেটা প্রমাণ করার মরিয়া চেষ্টা চলছে।” একইসঙ্গে তিনি বলেন, “জ্ঞানেশ কুমার যা করেছেন, তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে একজোট হয়ে দাঁড়াতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.