রাজনীতি

নিট-সিবিএসইর পর এবার SSC GD! পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

নিটের প্রশ্ন ফাঁস, সিবিএসই-র মূল্যায়ন বিতর্কের পর এবার এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, দেশের কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ ও বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার।

সোশ্যাল মিডিয়ায় করা এক কড়া পোস্টে অভিষেক দাবি করেন, পরীক্ষার নামে বারবার দুর্নীতি, প্রশ্ন ফাঁস, প্রযুক্তিগত বিপর্যয় ও অব্যবস্থার শিকার হচ্ছে দেশের যুবসমাজ। তাঁর বক্তব্য, ছাত্রছাত্রীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করলেও শেষ মুহূর্তে ভেঙে পড়ছে পুরো ব্যবস্থা।

এসএসসি জিডি নিয়োগ পরীক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অনেকেই দূরদূরান্ত থেকে ধারদেনা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন। অথচ সেখানে সার্ভার বিভ্রাট, নিরাপত্তার গাফিলতি ও চরম বিশৃঙ্খলার অভিযোগ সামনে এসেছে। এর ফলে সাধারণ মানুষের পরীক্ষা ব্যবস্থার ওপর আস্থা আরও কমছে বলে মত তাঁর।

অভিষেকের দাবি, এই ঘটনাগুলোকে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা বলে এড়ানো যাবে না। তাঁর কথায়, “এটা মেধার উপর পরিকল্পিত আঘাত।” তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মের মনে এমন ধারণা তৈরি হচ্ছে যে, পরিশ্রম করলেও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার কারণে তাদের স্বপ্ন মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে।

বিজেপিকে নিশানা করে তৃণমূল সাংসদ অভিযোগ করেন, বর্তমানে পরীক্ষাগুলো আর সুযোগ তৈরির মাধ্যম নয়, বরং কেলেঙ্কারি ও অনিয়মের কারণে শিরোনামে আসছে। দেশের পড়ুয়ারা সরকারের কাছে বিশেষ সুবিধা নয়, শুধু স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, নিট ও এসএসসি জিডি-সহ একাধিক পরীক্ষা বিতর্ককে সামনে রেখে আগামী দিনে কেন্দ্রকে আরও চাপে ফেলতে চাইছে তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.