বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। পরবর্তীতেই লোকসভা ভোট। তার পূর্বে এবার রাজ্য বাজেটে চুড়ান্ত পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। নারী কল্যাণে এবার আলাদা বাজেট হবে। অতএব, নারীদের কল্যাণের ওপর ভিন্নভাবে দৃষ্টিপাত করবে সরকার। আগামী অর্থবর্ষ থেকেই এই ঐতিহাসিক পদক্ষেপ কার্যকরী হবে, এমনটাই সূত্রের খবর। মহিলাদের ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নের খাতিরেই নারীদের জন্য আলাদা বাজেট, এমনই বলা হচ্ছে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাণ্ডার’। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পে সবচেয়ে অধিক আবেদনপত্র যে বিভাগে জমা পড়ে তা এই প্রকল্পেই। বাংলার মহিলাদের কাছে খুবই পছন্দের এক প্রকল্প এটি। এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। অন্যদিকে, সংরক্ষিত ক্যাটাগরির মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে ১০০০ টাকা।
পঞ্চায়েত নির্বাচনের পূর্বে একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। বাড়ছে দলীয় অস্বস্তি। তবে তৃণমূলের কাছে মহিলাদের ভোট অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে তাকে অটুট রাখা শাসকদলের কাছে চ্যালেঞ্জের সমান। যার দরুন এহেন পদক্ষেপগ্রহণ জরুরী। আগামী বছর থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।







