‘ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চির বিস্ময়’,
আজ পঁচিশে বৈশাখ। কবিসম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে উদযাপিত হল রবীন্দ্রজয়ন্তী।
বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবির জন্মদিন পালন করা হল বিশ্বভারতীতে। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক-সহ অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা। উল্লেখ্য, আগের বছর সালের ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পেয়েছে শান্তিনিকেতন। তার পরবর্তীতে এই ‘পঁচিশ’ তারিখ উদযাপন।
তবে শুধু শান্তিনিকেতনই নয়, গোটা রাজ্যেই পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। কলকাতায় কবির বাড়ি জোড়াসাঁকোতেও সারাদিন ধরে চলছে বিভিন্ন অনুষ্ঠান। কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজস্ব এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘রবীন্দ্রনাথের সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত এবং আলোকিত করতে থাকবে।’ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশ, কালের গণ্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সঙ্কট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয়-আত্মার আত্মীয়।’







