বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। চলতি সপ্তাহে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বৃহস্পতিবার দক্ষিণের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল এবং বুধবার আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ একই রকম থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরের জেলাগুলিতে আগামী তিন দিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির জন্য সকালের দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নামতে পারে, তবে খুব একটা পরিবর্তন হবে না। সামান্য অস্বস্তিকর আবহাওয়া দেখা যেতে পারে রাতের দিকে।
আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মঙ্গলবার ৪৮-৯১ শতাংশের আশপাশে ঘোরাফেরা করবে।







