রনজি ট্রফির ইতিহাসে নতুন অধ্যায় লিখল জম্মু ও কাশ্মীর। মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে গেল তারা। এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে প্রধান নায়ক পেসার আকিব নবি দার। ম্যাচে ১১০ রানে ১২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে কার্যত একাই ভেঙে দেন কাশ্মীরের এই তরুণ পেসার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু ও কাশ্মীর গুটিয়ে যায় মাত্র ১৯৪ রানে। শুভম খাজুরিয়া (৬০) ও পরশ ডোগরা (৩৩) ছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। মধ্যপ্রদেশের হয়ে কুলদীপ সেন ৫ উইকেট নিয়ে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। তবে জবাবে ব্যাট করতে নেমে আকিবের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মধ্যপ্রদেশ। ৪০ রানে ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৫২ রানে অলআউট করেন তিনি।
৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু ও কাশ্মীর তোলে ২৪৮ রান। ফলে মধ্যপ্রদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯১ রানের। কিন্তু ফের আকিবের দাপটে ভেঙে পড়ে মধ্যপ্রদেশের ব্যাটিং লাইন-আপ। দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নিয়ে মধ্যপ্রদেশকে ২৩৪ রানে গুটিয়ে দেন আকিব। এর সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক সেমিফাইনাল টিকিট।
আইপিএলের মিনি নিলামের আগেই চর্চায় উঠে এসেছিলেন আকিব নবি দার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তাঁকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত মরশুমের রনজি ট্রফিতে ৪৪ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। চলতি মরশুমেও এখনও পর্যন্ত ৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ২০২৪-২৫ মরশুমের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৯৭।
অন্য কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারে পৌঁছেছে কর্নাটক। ৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন কেএল রাহুল। ওপেন করতে নেমে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। মুম্বইয়ের তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ৪১ রান। আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে নামবে কর্নাটক।







