রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনে কল্যাণীর ২২ গজ সাক্ষী থাকল এক হৃদয়বিদারক অধ্যায়ের। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম শ্রেণির কেরিয়ারের প্রথম ত্রিশতরান থেকে মাত্র এক রান দূরে, ২৯৯ রানে থেমে গেলেন বাংলার ব্যাটিং স্তম্ভ সুদীপ কুমার ঘরামি।
তৃতীয় দিনের শেষে ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত ছিলেন সুদীপ। তাঁর অনবদ্য লড়াই বাংলাকে নিশ্চিত লিডের পথে এগিয়ে দেয়। এমনকি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বার্তায় জানিয়েছিলেন, “এবার তিনশো করতে হবে।” সেই লক্ষ্যেই নিখুঁত ছন্দে এগোচ্ছিলেন ২৬ বছরের ডানহাতি ব্যাটার। কিন্তু চতুর্থ দিনের অদ্ভুত আচরণ করা পিচই হয়ে উঠল তাঁর ‘শত্রু’।
১৯৩.২ ওভারে শাইক রশিদের বল আচমকাই নিচু হয়ে আসে। ব্যাট নামালেও রক্ষা হল না। তিনশো থেকে মাত্র এক রান দূরে আউট হয়ে সাজঘরে ফেরেন সুদীপ। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গ্যালারি। বাংলার ক্রিকেটপ্রেমীদের মুখে তখন একটাই আফসোস— “ইস, একটা মাত্র রান!”
এই এক রান না পেরোনোর যন্ত্রণাটা আরও গভীর। কারণ, প্রথমবার ত্রিশতরান করলে তিনি হতেন বাংলার তৃতীয় ক্রিকেটার—দেবাং গান্ধী (১৯৯৮) ও মনোজ তিওয়ারি (২০২০)-র পর। বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও ২৯৯ রানে আউট হওয়ার নজির বিরল। সুদীপের আগে এমন দুর্ভাগ্যের শিকার হয়েছেন মাত্র চার জন—ডন ব্র্যাডম্যান, মার্টিন ক্রো, মাইক পাওয়েল ও শান্তনু সুগবেকর। তাঁদের সঙ্গে এবার নাম জুড়ল সুদীপ ঘরামির।
বল নিচু হয়ে ফিরে যেতে হয়েছে শাকির গান্ধীকেও। সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে, একই বোলার শাইক রশিদের বলে তিনিও সাজঘরের পথ ধরেন। তবে আলোচনার কেন্দ্রে থেকে যান সুদীপই।
প্রায় তিন দিন ধরে ব্যাট করে ৫৯৬ বল খেলে ২৯৯ রান—টি-টোয়েন্টির যুগে এমন ধৈর্য ও টেকনিক বিরল। ইনিংসে ছিল ৩১টি চার ও ৬টি ছয়। তাঁর নেতৃত্বেই প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলা তোলে ৬২৯ রান।
শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করেন মহম্মদ শামি—৩৩ বলে ৫৩ রান, তিনটি বিশাল ছক্কা। ৩৩৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশ ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ পেয়েছেন একটি করে উইকেট।
সব মিলিয়ে, মারাত্মক কিছু অঘটন না ঘটলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত বাংলার। কিন্তু জয় নিশ্চিতের মাঝেও, কল্যাণীর পিচে থেকে যাবে এক দীর্ঘশ্বাস—এক রানে থেমে যাওয়া এক স্বপ্নের গল্প।







