কলকাতা: দুর্গাপুজোর উৎসব শেষ হতেই ফের তৎপর কেন্দ্রীয় সংস্থা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সরাসরি তৃণমূলের শীর্ষস্তরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে প্রায় ২০ ঘণ্টা ধরে চলে দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান। একই সঙ্গে তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও অফিসেও হানা দেয় ইডি।
২০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি
বৃহস্পতিবার সকালে হঠাৎই ইডি আধিকারিকদের একটি বড় দল ঢুকে পড়ে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে। সকাল থেকে টানা চলে নথি যাচাই, প্রশ্নোত্তর ও তল্লাশি। রাত গড়ালেও তদন্ত শেষ হয়নি। অবশেষে শুক্রবার ভোররাতে, প্রায় ২০ ঘণ্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডেটা বাজেয়াপ্ত করা হয়েছে।
ছেলের রেস্তোরাঁয় ২২ ঘণ্টার অভিযান
শুধু অফিসই নয়, ইডির নজর ছিল মন্ত্রীর পরিবারের দিকেও। বাইপাস সংলগ্ন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় টানা ২২ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। ইডি দাবি করেছে, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ওই রেস্তোরাঁয় বিপুল অর্থ লগ্নি হয়েছে। সেই অর্থের উৎস নিয়েই এখন তদন্ত চলছে।
ঘনিষ্ঠ নিতাই দত্ত ও সিএ-র দফতরেও হানা
তদন্তের পরিধি শুধু মন্ত্রী বা তাঁর পরিবারেই সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্ত, যিনি সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁর বাড়ি ও গোডাউনেও তল্লাশি চালায় ইডি। পাশাপাশি, মন্ত্রীর চাটার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও অভিযান হয়। তদন্তকারীদের অনুমান, পুর নিয়োগ দুর্নীতির অর্থের স্রোত এই নেটওয়ার্কের মাধ্যমেই ছড়িয়েছে।
‘ভয় পেয়ে পালাব না’ — বললেন মন্ত্রী
অভিযানের পর প্রতিক্রিয়ায় দমকলমন্ত্রী সুজিত বসু বলেন,
“সবাই জানে এটা প্রেসার পলিটিক্স। নির্বাচন যত এগোবে, তত এ ধরনের অভিযান বাড়বে। ভয় পেয়ে পালিয়ে যাব না। এটা ভোটের রাজনীতি। অফিসে ঢুকে এমনও হতে পারে, আমাদের কাগজের মধ্যে অন্য কাগজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা আইনি পথে ব্যবস্থা নেব।”
বিজেপির কটাক্ষ, ‘১০ হাজার কোটি টাকার মালিক!’
ইডির এই অভিযানে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
“এত বড় পুজো, নিজের জন্মদিনে মুম্বই থেকে শিল্পী এনে অনুষ্ঠান — এত টাকা এল কোথা থেকে? জনগণকে জবাব দিতে হবে।”
অন্যদিকে, বিজেপি নেতা অর্জুন সিংয়ের কটাক্ষ,
“একটা সময় ওঁর একটা রোলের দোকান ছিল। এখন কম করে ১০ হাজার কোটি টাকার মালিক। এদের গ্রেপ্তার করে তদন্ত করা উচিত।”
ইডির পরবর্তী পদক্ষেপ কী?
ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত নথি ও ডেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মন্ত্রীর ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন ও প্রপার্টি রেকর্ড পরীক্ষা করবেন। প্রয়োজনে শীঘ্রই ডাকা হতে পারে দমকলমন্ত্রীকেও।







