আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় নতুন করে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের এই সিট তৈরি করতে হবে। সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এবার তদন্ত এগোবে। ঘটনার রাত থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত কী কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত করবে এই দল। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানিতে হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।
২০২৪ সালের ৮ আগস্ট রাতে নাইট ডিউটিতে গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের ওই তরুণী চিকিৎসক। সেই রাতেই সেমিনার হলের ভিতরে তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে প্রথমে কলকাতা পুলিশ নামে এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর কাউকে গ্রেপ্তার করেনি। পরবর্তীতে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
তবে তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। তাঁদের অভিযোগ, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছিল, ক্ষমতায় এলে আর জি কর মামলার নতুন করে তদন্ত করা হবে। সুবিচারের দাবিতে নির্যাতিতার মা রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।
সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি কর মামলার নথি পুনরায় খোলার নির্দেশ দেন। ইতিমধ্যেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখবেন, ঘটনার সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর তরফে ফোন বা বার্তার মাধ্যমে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না। প্রয়োজন হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয়। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপের ঘটনার ক্রম বিশদে খতিয়ে দেখা হবে। মামলার তদন্তে প্রয়োজনীয় সমস্ত বিষয় খতিয়ে দেখার স্বাধীনতা থাকবে সিবিআইয়ের। পাশাপাশি, ২০২৪ সালের ৭ অক্টোবর চার্জশিট জমা দেওয়ার পর গত ১ বছর ৭ মাসে সিবিআই কী কী তদন্ত করেছে, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। সিবিআই জানিয়েছে, তারা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ জনের সাক্ষ্য নিয়েছে। এখন নজর নতুন সিটের তদন্তে কী তথ্য সামনে আসে তার দিকে। আগামী ২৫ জুন ফের মামলার শুনানি হবে হাই কোর্টে।






