জেলা

একই জেলায় দ্বিমুখী ‘Wildlife’ আতঙ্ক: কাশীপুরে অজ্ঞাত জন্তুর হানা, বরাবাজার–বলরামপুরে দলছুট দাঁতাল

কাশীপুরের কাদুড়ি গ্রামে রহস্যময় হামলা।
পুরুলিয়ার কাশীপুর ব্লকের কাদুড়ি গ্রামে শুক্রবার গভীর রাতে অজ্ঞাত জন্তুর হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি পরিবারের গোয়ালে বাঁধা ভেড়ার উপর ভয়াবহ আক্রমণে ৯টি ভেড়ার মৃত্যু হয়েছে, আহত আরও ৯টি ভেড়া ও একটি ছাগল।

শনিবার সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় পশুগুলিকে পড়ে থাকতে দেখেন। একাধিক পশুর শরীরে গভীর নখের আঁচড়, কারও পেট ও গলা ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পাওয়া পায়ের ছাপ থেকে হামলাকারী জন্তু শনাক্ত করা যায়নি।

কাশীপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়ন্ত রাউত জানান, “সকালে গোয়ালে গিয়ে এমন দৃশ্য দেখে পরিবার ও প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা।

স্থানীয় প্রাণিসম্পদ আধিকারিক অরুণাংশু দে বলেন, “৯টি ভেড়ার মৃত্যু হয়েছে। সমসংখ্যক ভেড়া ও একটি ছাগল আহত। ঠিক কোন জন্তুর আক্রমণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে একাধিক বন্যপ্রাণী জড়িত থাকতে পারে।” মৃত পশুগুলির ময়নাতদন্ত রিপোর্ট এলে আক্রমণের প্রকৃতি স্পষ্ট হবে।

বন দফতরের প্রাথমিক অনুমান, নেকড়ে বা শিয়ালের আক্রমণ হয়ে থাকতে পারে। গ্রাম সংলগ্ন জঙ্গল থেকেই জন্তুটি ঢুকেছে বলে ধারণা। এলাকা থেকে পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং রাতের দিকে বনকর্মী ও পুলিশ যৌথভাবে নজরদারি চালাবে।

বরাবাজার–বলরামপুরে দাঁতালের তাণ্ডব
অন্যদিকে একই জেলায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দলছুট দাঁতাল হাতির উপস্থিতি। শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে একটি দাঁতাল হাতি পুরুলিয়ার বড়বাজার রেঞ্জে ঢুকে পড়ে। মেটালা হয়ে দমদা পেরিয়ে সেটি বলরামপুর রেঞ্জ এলাকায় পৌঁছয়। শনিবার বিকেলে দড়দা এলাকায় হাতিটিকে দেখতে পান স্থানীয়রা।

বন দফতর সূত্রে খবর, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে সেটি জাতীয় সড়ক পেরিয়ে বলরামপুর ব্লক সদরের দিকে অগ্রসর হয়। সম্ভাব্য বিপদ এড়াতে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

এক বন আধিকারিক জানান, “হাতিটির চলাচলের উপর কড়া নজর রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপদে তাকে ঝাড়খণ্ডে ফেরানোর চেষ্টা চলছে।”

প্রশাসনের সতর্কবার্তা
দু’টি পৃথক ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক চরমে। বন দফতর বিশেষ করে জঙ্গল সংলগ্ন এলাকায় রাতের দিকে বাইরে বেরোনো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন।

একই জেলায় পরপর দুই বন্যপ্রাণীর উপস্থিতি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বন দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.