নিজস্ব সংবাদদাতা: আইএসএল অভিযান এমনভাবে শুরু করবে, তা হয়তো লাল-হলুদ সমর্থকরাও কল্পনা করেননি। সোমবার লিগের প্রথম ম্যাচেই দাপটের সঙ্গে ৩-০ ব্যবধানে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। শুধু জয় নয়, এটি ছিল একেবারে ‘স্টেটমেন্ট উইন’—যেখানে আগ্রাসন, আত্মবিশ্বাস ও কৌশলগত পরিপক্বতার পূর্ণ প্রকাশ ঘটল।
ম্যাচের নায়ক নবাগত স্প্যানিশ স্ট্রাইকার Yusuf Izzejjari। জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিলেন কেন তাঁকে ঘিরে এত প্রত্যাশা। গত কয়েক মরসুম ধরে নির্ভরযোগ্য গোলদাতার অভাবে ভুগছিল ইস্টবেঙ্গল। সেই শূন্যস্থান পূরণের ইঙ্গিত মিলল প্রথম ম্যাচেই।
ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড কাগজে-কলমে শক্তিশালী দল হলেও লিগের শুরুতে ছন্দহীনতা স্পষ্ট ছিল। নির্ভরযোগ্য আক্রমণভাগের অনুপস্থিতি তাদের সমস্যায় ফেলে। মাঝমাঠে বল দখল ও গতি নিয়ন্ত্রণে পুরোপুরি প্রাধান্য নেয় ইস্টবেঙ্গল।
কোচ অস্কার ব্রুজোর ৪-৩-৩ ছকে মাঝমাঠে তিন বিদেশিকে রেখে ম্যাচের রাশ টেনে ধরার পরিকল্পনা কার্যকর হয়। মহম্মদ রশিদ রক্ষণভাগের সামনে দৃঢ় প্রাচীর গড়ে দেন। সল ক্রেসপো ও মিগুয়েল ফেরেরা ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। ৩৬ মিনিটে রশিদের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে—সেই মুহূর্তেই বোঝা গিয়েছিল, গোল সময়ের অপেক্ষা।
দ্বিতীয়ার্ধেই ম্যাচের রূপরেখা পাল্টে যায়। ৬৭ মিনিটে বিপিন সিংয়ের নিখুঁত ক্রস থেকে ইউসুফের হেড—লাল-হলুদের বহু প্রতীক্ষিত প্রথম গোল। তিন মিনিটের ব্যবধানে এডমুন্ড লালরিন্ডিকার পাস থেকে দ্বিতীয় গোল করে নিজের জোড়া সম্পূর্ণ করেন ইউসুফ। আত্মবিশ্বাসে ভরপুর ইস্টবেঙ্গল এরপর আর পিছনে তাকায়নি। ম্যাচের শেষদিকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান বাড়ান মিগুয়েল, সিলমোহর পড়ে জয়ে।
আইএসএলের মঞ্চে প্রথমবার মরসুমের শুরুতেই জয়—এ যেন নতুন অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাসী, সংগঠিত এবং আক্রমণাত্মক ইস্টবেঙ্গল স্পষ্ট বার্তা দিল, এ বার তারা শুধু অংশ নিতে নয়, লড়তে নেমেছে শিরোপার জন্য।







