সিপিআইএম বরাবরই কঠোর অনুশাসনের নিগড়ে বাধা । দলে থাকতে হলে , সবাইকেই মানতে হবে দলীয় লাইন । কিন্তু এই দলীয় লাইনকি আর মেনে নিতে পারছিলেন না , বিদ্রোহী প্রতীক উর রহমান! তাই দলকে সাফ চিঠি লিখে জানালেন , “আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না।”
প্রতীক-উর রহমানের সিপিএম ছাড়া নিয়ে , রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা । কিন্তু এসবের মাঝেই সামনে আসছে একটি সম্ভাব্য সম্ভাবনা । জোর জল্পনা , চলতি সপ্তাহেই প্রতীক-উর রহমান যোগ দিতে পারেন তৃণমূলে । সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি । তৃণমূল কংগ্রেসের অন্দর সূত্রে খবর , শাসকদলে নাম লেখালে মগরাহাট থেকে টিকিট পেতে পারেন তিনি । কিন্তু এবিষয়ে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি ।
সিপিএমের প্রাথমিক সদস্যপদ ছাড়ার পর , অন্য কোনো দলে যোগ দেবেন কিনা , সেবিষয়ে নিজেও কিছু জানাননি প্রতীক । তবে বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে তিনি একান্ত সাক্ষাৎকারে জানান , “ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও বিরোধ নেই। আমার যা বলার আমি পার্টিকে বলেছি। সর্বোচ্চ নেতৃত্বের তরফে এখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এটা তো দলের আভ্যন্তরীণ বিষয় এটা আমি সবার সামনে বলব না। সময় এলে মিডিয়াকে জানাব।”
উল্লেখ্য , এই গোটা ঘটনায় , নাম না করেই মহম্মদ সেলিমের দিকে আক্রমণ ছুঁড়ে দিয়ে কুণাল ঘোষ বলেন , “SFI শীর্ষনেতা, জেলা নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতীক-উর। সিপিএমকে সর্বস্তরে শূন্যতে নামানো সম্পাদক ও তাঁর কিছু অযোগ্য বাতেলাবাজের কাঠিবাজিতে এই সিদ্ধান্ত বলে খবর।”







