তমলুক: ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল যুব নেতা পার্থসারথি মাইতি। কয়েকদিন আগেই কান ধরে ওঠবস করে ভাইরাল হয়েছিলেন তিনি। এবার শিক্ষক দিবসে হনুমানজির পুজো করে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থনা জানিয়ে বিতর্ক বাড়ালেন।
পার্থসারথি মাইতি হনুমান মূর্তির পাশে পোস্টার টাঙিয়ে লেখেন— “শুভ শিক্ষক দিবস, ভগবান হনুমানজির কাছে প্রার্থনা মাতৃসমা মমতা ব্যানার্জিকে অপমানজনক কথা বলার শিক্ষা দাও জানোয়ার শুভেন্দুকে।” অন্য এক পোস্টারে লেখা— “শুভেন্দু শংকর ঘোষ সহ মানসিক বিকারগ্রস্ত বিজেপি বিধায়কদের শিখা এবং সুমতি প্রদান করুন।”
এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে। পার্থসারথির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই শুভেন্দুর রাজনৈতিক গুরু। তাঁকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও শুভেন্দু মমতাকে “খালা” সহ একাধিক অপমানজনক মন্তব্য করেছেন। তাই বিজেপির বিশ্বাসের প্রতীক হনুমানজির কাছে তিনি শুভেন্দুর জন্য শিক্ষা ও বুদ্ধি প্রার্থনা করেছেন।
অন্যদিকে বিজেপির কটাক্ষ, “পার্থসারথি মাইতি আসলে পাগল, পাগলামি করছে। ডাক্তার দেখানো উচিত। একটা পাগল কান ধরে উঠবস করল বা হনুমান পুজো করল, তার জবাব বিজেপি দেবে না।”
এই ঘটনায় তমলুকের রাজনীতির পারদ ফের চড়ল, শিক্ষক দিবসের দিনও বাদ গেল না রাজনৈতিক বাকযুদ্ধ।







