মালদা: পুরাতন মালদা শহরের চৌরঙ্গী মোড়ের একটি লজ থেকে মধুচক্র চালানোর অভিযোগে দুই যুবতীকে আটক করেছে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
আটক হওয়া যুবতীরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, আপত্তিকর অবস্থায় ধরা পড়ার সময় দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগ, ওই লজে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছিল। বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আড়ালে অবৈধ ব্যবসা চালানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। তারা অভিযোগ করেছেন, বিষয়টি একাধিকবার থানায় জানানো হলেও এতদিন কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।
এদিনের ঘটনায় পুলিশ কেবলমাত্র দুই যুবতীকে আটক করলেও লজটি সিল করা হয়নি কিংবা লজ মালিককেও গ্রেপ্তার করা হয়নি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পালিয়ে যাওয়া যুবক ও লজ মালিকের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।







