মালদা: যাত্রী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল রাস্তার ধারে পুকুরে। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজারের কোতুয়ালির আরাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন একটি যাত্রীবোঝাই ম্যাক্সি মালদা থেকে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কোতুয়ালির আরাপুরের কাছে পৌঁছতেই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি পুকুরে সজোরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের মধ্যে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে খবর।
ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ধরনের দুর্ঘটনা প্রতিদিনের যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।







