বঙ্গ বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই শাসক শিবিরের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়াচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দিনের বঙ্গ সফরের মধ্যেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সাংসদ।
রবিবার সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী সত্য কথাই বলেছেন। কেন্দ্রের উন্নয়নের টাকা ব্যক্তিগত খরচে ব্যবহার হয়েছে। বন্যার টাকা একজনের অ্যাকাউন্টে ৪০ বার গিয়েছে, আইলার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে ঢুকেছে—এসবের প্রমাণ আছে। সাধারণ মানুষ সব জানে, আর তাই তারা পরিবর্তনের সুযোগ খুঁজছে।”
এসআইআর (SIR) ইস্যুতে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “কমপ্লেন হলে অবশ্যই দেখা দরকার, কিন্তু পুরনো ভোটারদের অযথা হয়রানি করা যাবে না। নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে কোথায় সত্যি সমস্যা আছে, আর কোথায় নেই।”
বেলডাঙার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর অভিযোগ, “বেলডাঙায় যা চলছে, তা মুর্শিদাবাদের পুরনো অশান্তির ছবিই ফিরিয়ে আনছে। ভাঙচুর, লুটপাট হচ্ছে, অথচ পুলিশ যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাত দেবে না—এই বার্তাই যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের শান্তিতে থাকার অধিকার কোথায়?”
প্রধানমন্ত্রীর বারবার বঙ্গ সফর ও প্রকল্প উদ্বোধন নিয়েও রাজনৈতিক বার্তা স্পষ্ট করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্র সরকার পশ্চিমবাংলাকে বহু টাকা, বহু প্রকল্প ও ট্রেন দিয়েছে। প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করছেন—এর মানে বিজেপি এলে বাংলার ভোটের ছবিটাই বদলে যাবে।”
এদিকে, শীতল কপাট ও হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ সাফ জানান, “ভোটের আগে এসব অভিযোগ-পাল্টা অভিযোগ চলতেই থাকে। এর কোনও বাস্তব গুরুত্ব নেই।”
নির্বাচনের মুখে দিলীপ ঘোষের এই ধারাবাহিক আক্রমণে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।







