গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই সুপার এইটের শুরুতেও একই ছবি। পাল্লেকেলের চেনা পরিবেশে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হারল শ্রীলঙ্কা। ফলে সেমিফাইনালের স্বপ্নে বড়সড় ধাক্কা খেল পাথুম নিশঙ্কাদের দল।
টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান দাসুন শনাকা। স্পিন-সহায়ক পিচে শুরুতে চাপে পড়ে ইংরেজ ব্যাটিং। জস বাটলার, হ্যারি ব্রুক, স্যাম কারান—কেউই বড় রান পাননি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রানের গতি সচল রাখেন ফিল সল্ট। ৪০ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংসে ছ’টি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি। উইল জ্যাকস ২১ রান যোগ করেন। ডুনিথ ওয়েল্লাগে (২৬/৩) ও মহেশ থিকসানা (২১/২) বল হাতে লড়াই দিলেও ইংল্যান্ডের স্কোর পৌঁছয় ১৪৬/৭-এ।
টি-টোয়েন্টিতে ১৪৭ রান তাড়া করা কঠিন নয়। কিন্তু পাল্লেকেলের ধীর-মন্থর ট্র্যাকে সেটাই হয়ে উঠল দুর্ভেদ্য। শুরুতেই জোফ্রা আর্চারের গতি ও উইল জ্যাকসের স্পিনে ভেঙে পড়ে লঙ্কার টপ অর্ডার। প্রথম ছ’জন ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। লিয়াম ডসন (২৭/২) ও আদিল রশিদ (১৩/২) মাঝের ওভারে চেপে ধরেন। বল থেমে আসছিল, স্পিনের দিশা খুঁজে পাননি কামিন্দু মেন্ডিসরা।
অধিনায়ক দাসুন শনাকা ২৪ বলে ৩০ রান করে কিছুটা লড়াই দেখালেও তা পর্যাপ্ত ছিল না। শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা উইল জ্যাকস (২২/৩)।
এই হারে সুপার এইটে শ্রীলঙ্কার সমীকরণ কঠিন হল। সামনে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই। অন্যদিকে ঠিক সময়ে ছন্দে ফিরে সেমিফাইনালের দৌড়ে এক ধাপ এগিয়ে রইল ইংল্যান্ড।







