পারমাণবিক চুক্তি ঘিরে ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বৃদ্ধি হচ্ছে। আলোচনার দরজা খোলা থাকলেও পরিস্থিতি যে অস্থিরতার দিকে এগোচ্ছে, তার ইঙ্গিত মিলছে একাধিক মহলে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা মাথায় রেখে ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার একটি বিশেষ অ্যাডভাইসরি প্রকাশ করে দেশত্যাগের পরামর্শ দিয়েছে।
৫ই জানুয়ারি ২০২৬-এর পরামর্শের ধারাবাহিকতায় জারি হওয়া এই নির্দেশিকায় জানানো হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক উড়ান সহ যে কোনও উপলব্ধ পরিবহনে দ্রুত দেশ ছাড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সকল ভারতীয় নাগরিক ও PIO-দের বিক্ষোভ এলাকা এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও নির্দেশ দিয়েছে, পাসপোর্ট সহ সমস্ত প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখতে হবে। জরুরি প্রয়োজনে তেহরানস্থ ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর ও ইমেল আইডিতে যোগাযোগের কথাও বলা হয়েছে। যারা এখনও দূতাবাসে নিবন্ধন করেননি, তাঁদের দ্রুত নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হলে ভারতে থাকা পরিবারের সদস্যরাও সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।







