ব্যালন ডি’অর, কোপা আমেরিকা, বিশ্বকাপ—ফুটবল মানচিত্রে প্রায় সব শিখরই ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি। তবু জীবনের খাতায় একটি আক্ষেপ রয়ে গেছে আর্জেন্টিনার এই মহাতারকার। নিজের মুখেই জানালেন, ইংরেজি ভাষা না শেখাই তাঁর সবচেয়ে বড় ভুল—যার জন্য আজও নিজেকে “অজ্ঞ” মনে হয়।
মেক্সিকোর এক পডকাস্টে মেসি খোলাখুলি বলেন, বহু কিছু নিয়েই তাঁর আক্ষেপ রয়েছে, তবে ইংরেজি না শেখার আক্ষেপটাই সবচেয়ে বেশি। “আমার হাতে সময় ছিল, সুযোগও ছিল। কিন্তু কাজে লাগাইনি। অসাধারণ কারও সঙ্গে দেখা হলে বা কথা বলার সময় মনে হয়, আমি কত সময় নষ্ট করেছি! নিজেকে অজ্ঞ মনে হয়,”—স্বীকারোক্তি বিশ্বজয়ীর।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর্জেন্টিনাতেই পড়াশোনা করেছেন মেসি। তারপর মনোযোগ সম্পূর্ণভাবে সরে যায় ফুটবলের দিকে। প্রথমে Newell’s Old Boys-এ হাতেখড়ি, সেখান থেকে স্পেনের FC Barcelona—আর তারপর ইতিহাস। মাত্র ১৩ বছর বয়সে রোসারিও ছেড়ে স্পেনে পাড়ি। যে বয়সে বই-খাতার সঙ্গে সময় কাটানোর কথা, সেই সময়েই পেশাদার ফুটবলের কঠিন অনুশীলন আর প্রতিযোগিতায় ডুবে গিয়েছিলেন তিনি।
মেসির কথায়, “আর্জেন্টিনায় শেষ বছরে জানতাম আমি চলে যাচ্ছি। এরপর আর কিছুই সেভাবে করিনি। তাই আজ আফসোস হয়।” তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি নিজের সন্তানদের নিয়মিত পড়াশোনার গুরুত্ব বোঝান। “ভালো শিক্ষা, নিজেকে প্রস্তুত করা—এগুলো ভীষণ প্রয়োজনীয়। সুযোগ এলে কাজে লাগাতে হয়। সময় নষ্ট করা উচিত নয়,”—বলেছেন আর্জেন্টিনীয় অধিনায়ক।
তবে আক্ষেপে থেমে থাকার মানুষ নন মেসি। সামনে নতুন লক্ষ্য—১১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপ। গতবারের সাফল্য ধরে রাখাই তাঁর পাখির চোখ। মাঠে তিনি এখনও অনন্য, কিন্তু জীবনের পাঠ তাঁকে মনে করিয়ে দেয়—শুধু প্রতিভা নয়, শিক্ষা ও আত্মপ্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ।







