পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলাতেও ধাক্কা খেল রাজ্য সরকার! পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তভার আরোপিত সিবিআই-এর হাতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় বহাল রেখে এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা
উল্লেখ্য, হুগলির প্রোমোটার অয়ন শীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছিল। ইডির দাবি, শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় একাধিক পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই মর্মে তদন্ত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উক্ত আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই।
এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। ১ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠায় শীর্ষ আদালত। এহেন আবহেই এই মামলার বেঞ্চ বদল হয়। গত সোমবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি হয়।







