খেলাধুলা

প্রয়াত রিঙ্কু সিং–এর বাবা খানচন্দ্র সিংহ

ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর প্রয়াত হলেন তাঁর বাবা খানচন্দ্র সিংহ। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খানচন্দ্র সিংহ। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে ওঠে যে, চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পাশাপাশি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হচ্ছিল। তবে সমস্ত চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে হঠাৎই দেশে ফিরে আসেন রিঙ্কু। জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই থেকে সরাসরি নয়ডায় পৌঁছে যান তিনি পরিবারের পাশে থাকার জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত বাবার পাশে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

চিকিৎসকদের মতে, শেষ কয়েকদিনে খানচন্দ্র সিংহের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। ভেন্টিলেটর সাপোর্ট সত্ত্বেও তাঁর অবস্থার উন্নতি হয়নি।

রিঙ্কু সিংহের ক্রিকেটজীবনের উত্থানের পিছনে তাঁর বাবার অবদান ছিল অপরিসীম। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়ার পথে বাবার সংগ্রাম এবং ত্যাগের কথা বহুবার নিজেই স্বীকার করেছেন রিঙ্কু।

এই কঠিন সময়ে ক্রিকেটমহল ও ভক্তদের সমবেদনা রইল রিঙ্কু এবং তাঁর পরিবারের প্রতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.