জেলা

ভাণ্ডারার পর প্লাস্টিকে ঢাকল জল্পেশ মেলার পথ, ঝাঁটা হাতে নেমে পরিচ্ছন্নতার বার্তা দিল পুলিশ

শ্রাবণ মাসে উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় কেন্দ্র জল্পেশ মন্দিরে হাজার হাজার শিবভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে শ্রাবণী মেলা। ভক্তদের সেবায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয় ভাণ্ডারার। তবে এবারের মেলার শেষে দেখা গেল ভিন্ন চিত্র। খাবার বিতরণ শেষ হতেই মন্দির চত্বর ও সংলগ্ন রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কাপ, প্লেট, খাবারের উচ্ছিষ্ট এবং অন্যান্য বর্জ্য।

প্রশাসনের পক্ষ থেকে আগেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করার পাশাপাশি অনুষ্ঠান শেষে এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হলেও, সেই নির্দেশ অনেক ক্ষেত্রেই মানা হয়নি বলে অভিযোগ। ইন্দিরা মোড় থেকে চ্যাংড়াবান্ধাগামী রাস্তার দু’ধারে জমে থাকা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। দুর্গন্ধে নাজেহাল হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, সমস্যায় পড়েন পথচারীরাও।

এই পরিস্থিতিতে উদ্যোগী হয় ময়নাগুড়ি থানার পুলিশ। পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে নিজেরাই ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েন থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি জয় সরকার-সহ অন্যান্য পুলিশকর্মীরা। রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করে তাঁরা শুধু এলাকা পরিষ্কারই করেননি, সাধারণ মানুষের কাছেও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন।

পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখতে যেমন ভক্তির প্রয়োজন, তেমনই প্রয়োজন পরিবেশের প্রতিও দায়িত্বশীল আচরণ। প্রশাসনও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির ইঙ্গিত দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.