অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ালেন বারসাত সংসদীয় জেলার তৃণমূলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়। বিধায়কের থেকে একধাপ এগিয়ে বারসাত বিধানসভা কেন্দ্র সঠিকভাবে কাজ না করার অভিযোগ তুলেছেন সুনীল। পাশাপাশি দলের কোর কমিটির বৈঠকে আলোচনার বিষয়টি নিয়ে প্রকাশ্যে চিরঞ্জিতের প্রতিক্রিয়া দেওয়া একেবারেই উচিত হয়নি বলেই মনে করেন বারসাতের প্রাক্তন চেয়ারম্যান।
এদিন তৃণমূলের মুখপাত্র চিরঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “উনি (চিরঞ্জিত) অপসংস্কৃতির লোক ! বিধায়কের দায়িত্ব পালনের চেয়ে নিজের অভিনয় জগতেই বেশি সময় দেন । সেই কারণে নিজের বিধানসভা এলাকার মানুষও ঠিকমতো পায় না তাঁকে । ”
এদিকে এই নিয়ে সুনীলবাবু বলেন, “10 বছর বারাসত পৌরসভার চেয়ারম্যান এবং 2 বছর পৌরসভার প্রশাসক বোর্ডের দায়িত্ব ছিল আমার কাঁধে । এতগুলো বছর পৌরসভার দায়িত্ব থেকেও বারাসতে কী ‘মধু’ ভাণ্ডার রয়েছে, তা আমি কখনও খুঁজে পাইনি । সেটা হয়তো উনি ভালো জানেন । সেই জন্য ‘মধু’ থাকার কথা বলছেন ।”
চিরঞ্জিতের উদ্দেশ্যে সুনীলের শ্লেষ, “উনি বারবার বলেন আমি আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না । অথচ প্রতিবারই প্রার্থী হয়ে যান ! দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়)তাঁকে প্রার্থী করেন ! নিশ্চয় দিদি ভালো কিছু বুঝতে পেরেছেন । দল চালাতে গেলে সবাইকেই দরকার হয় । সেলিব্রিটিদের যেমন লাগে । তেমনই বুদ্ধিজীবীদের প্রয়োজন হয় ।”
অন্যদিকে, সুনীল মুখোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন,”আমরা প্রথম থেকেই বলে আসছি তৃণমূল দলে কোনও গণতন্ত্র নেই । বারাসতে মধু তো নিশ্চয় আছে । সেই মধু কে খাচ্ছে সেটা তৃণমূল নেতৃত্বের থেকে ভালো কেউ জানে না । শাসকদলের দুই বিধায়কের খেয়োখেয়িতে আখেরে মানুষই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”






