শনিবার নিউ টাউনে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষক নিয়োগ এবং রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ এবং আইন মেনেই নির্দিষ্ট সময়ে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি। একইসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী।
শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, উপযুক্ত সময়েই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশিকা ও গাইডলাইন মেনে চলা হবে। কোনও ধরনের অনিয়মের সুযোগ রাখা হবে না বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নিয়োগের জন্য এসএসসি ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। তাঁর কথায়, শুধু মোবাইলে মেসেজ পাঠিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা আর থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ করা হবে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার গুরুত্ব নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এসএসসিকে মৌখিক পরীক্ষায় নম্বরের পরিমাণ কমানোর পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। পূর্বতন সরকারের নিয়োগ নীতির সমালোচনা করে তাঁর অভিযোগ, ইন্টারভিউতে বেশি নম্বর রাখার ফলে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেই ব্যবস্থা বদলে লিখিত পরীক্ষার মেধাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।
শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং পাঠ্যক্রমেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিলেবাসে টাটাদের রাজ্য থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে একটি গোটা পৃষ্ঠা জুড়ে রাখার সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হল, সেই ইতিহাসও নতুন প্রজন্মের পড়ুয়াদের জানানো প্রয়োজন। পাশাপাশি দেশপ্রেম এবং মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের বিষয়ও পাঠ্যক্রমে যথাযথভাবে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের উপরও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ৩১ নম্বরে। তবে পরিকল্পিতভাবে এগোলে আগামী তিন বছরের মধ্যেই রাজ্যকে দেশের সেরা দশের মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে সরকার।







