জেলা

মিষ্টিতে কাঠের রং! নারায়ণগড়ে ফুড সেফটি অভিযানে একাধিক দোকান বন্ধ

অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মিষ্টিতে ক্ষতিকারক রং! নারায়ণগড়ে ফুড সেফটি আধিকারিকদের অভিযানে কড়া পদক্ষেপ।
মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকার চাতুরিড়ায় একাধিক হোটেল ও মিষ্টির দোকানে আচমকা অভিযান চালালেন ফুড সেফটি আধিকারিকরা। অভিযানে খাবার তৈরির পরিবেশ এবং খাদ্যের গুণমান নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে।
অভিযান চলাকালীন কয়েকটি দোকানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাদ্যসামগ্রী প্রস্তুত করার ছবি ধরা পড়ে বলে জানা গিয়েছে। পাশাপাশি, মিষ্টিতে ক্ষতিকারক ‘কাঠের রং’ ব্যবহারের অভিযোগও ওঠে। খাদ্যে এ ধরনের অননুমোদিত রং ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
পরিস্থিতি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করেন খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা। ‘বাসন্তী হোটেল’ সহ চাতুরিড়া এলাকার একাধিক হোটেল ও মিষ্টির দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে রান্নাঘর ও খাদ্য প্রস্তুত করার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলার পরেই ফের ব্যবসা চালুর অনুমতি মিলবে বলে জানানো হয়েছে।
অভিযানের সময় ভেজাল ও নিম্নমানের বলে চিহ্নিত বেশ কিছু খাদ্যসামগ্রী ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের পাতে পৌঁছনোর আগে খাবারের মান নিয়ন্ত্রণে কতটা নজরদারি রয়েছে?
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনে এমন অভিযান আরও জোরদার করা হবে কি না, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.