রাজ্যে ইডির উপর হামলার ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সন্দেশখালি এবং বনগাঁর ঘটনা উল্লেখ করে বিজেপি মামলা দায়েরের আবেদন করলে হাইকোর্টের প্রধান বিচারপতি অনুমতি দেন। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইডি আধিকারিকরা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গেলে সেখানে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন আধিকারিক। তাঁদের মধ্যে দুই আধিকারিক গুরুতর চোট পান এবং রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায়। এরপর তাঁদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করানোর পর ওইদিন রাতেই বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে গিয়ে ফের প্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকরা।
এ প্রসঙ্গে মামলাকারীর দাবি, দুটি ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনায় NIA তদন্তের দাবি জানানো হয়। এমনকি মামলাকারীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জিও জানান। এদিকে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেওয়ার পর আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।







