জেলা

রোহিনী বাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, স্ত্রীর সঙ্গে অশান্তিই কারণ?

সাঁকরাইলের রোহিনী বাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন বছর সাতাশের যুবক গৌতম চন্দ্। সোমবার দুপুর নাগাদ রোহিনী বাজার সংলগ্ন একটি নির্জন বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পরিবারকে, পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন গৌতম। রাত গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। সোমবার দুপুরে স্থানীয়রা একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

গৌতমের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার সিঙ্গাই গ্রামে হলেও স্ত্রী ও কন্যাকে নিয়ে মামার বাড়িতে থাকতেন তিনি। রোহিনী বাজারে একটি ছোট ফাস্ট ফুড দোকান চালিয়ে সংসার চালাতেন। দিদিমার দাবি, গৌতমের স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত। এমনকি কখনও কখনও গৌতমকে খেতেও দেওয়া হত না বলে অভিযোগ।

এখন প্রশ্ন উঠছে, কী এমন চাপ ছিল যা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিতে বাধ্য হলেন যুবক? পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সামাজিক ও পারিবারিক চাপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, গৌতমের মৃত্যু যেন তারই নির্মম প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.