হুগলি জেলার রাস্তায় অবৈধ টোটো ও অটোর দৌরাত্ম্যে লাগাম টানতে এবার কড়া পদক্ষেপ নিল বাস মালিক সংগঠন। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে হাঁটল জেলার লোকাল বাস সংগঠন। এই ধর্মঘটে সাময়িকভাবে যোগ দিল এক্সপ্রেস বাস মালিক সংগঠনও। জেলার প্রধান বাসস্ট্যান্ড তারকেশ্বরে সোমবার সকালে ধরা পড়ল ধর্মঘটের স্পষ্ট ছবি—সব রুটেই বন্ধ লোকাল বাস চলাচল।
জেলার লোকাল এবং এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় সাড়ে চারশো। তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন চলাচল করে প্রায় ১০০টি লোকাল বাস এবং ২৫০টির মতো এক্সপ্রেস বাস, যা প্রতিদিন ১২টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে সপ্তাহের প্রথম দিনেই জেলার একাধিক রুটে দেখা গেল বাস সংকট, নাকাল হলেন নিত্যযাত্রীরা। অনেক যাত্রীই অভিযোগ করেন, আগাম কোনও সতর্কতা না পাওয়ায় তারা গন্তব্যে পৌঁছাতে চরম সমস্যায় পড়েছেন।
এদিকে, হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে জানান, “বাস মালিকরা দীর্ঘদিন ধরে লোকসানের মুখে পড়ছেন। আমরা চাই, বৈধ বাস রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ হোক।” তিনি আরও জানান, লোকাল বাস সংগঠনের এই ধর্মঘটে তারা সমর্থন জানালেও, এক্সপ্রেস বাস শুধুমাত্র একদিন, অর্থাৎ সোমবারই বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে এক্সপ্রেস বাস যথারীতি চলবে।
বাস সংগঠনগুলির দাবি, প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে, তাহলে এই আন্দোলন আরও দীর্ঘায়িত হতে পারে। এখন দেখার, প্রশাসন কী পদক্ষেপ নেয় এই পরিস্থিতিতে।







