খেলাধুলা

ফাইনালের আগে ফুরফুরে সূর্য, ‘বরুণের ফর্ম বা শিশির—সব সামলে নেব’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট। অধিনায়ক হিসাবে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিতে নামার আগে সাংবাদিক বৈঠকে যথেষ্ট ফুরফুরে মেজাজেই দেখা গেল সূর্যকুমার যাদবকে। প্রতিপক্ষ, পিচ, টস কিংবা শিশির—সব পরিস্থিতিই দল সামলে নিতে প্রস্তুত বলে স্পষ্ট বার্তা দিলেন তিনি।

সূর্য জানালেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কী ভাবে স্বচ্ছন্দ থাকতে হয়, তা তিনি অনেকটাই শিখেছেন রোহিত শর্মার কাছ থেকে। সাংবাদিকদের সঙ্গে মজার ছলে কথাবার্তা বলতে বলতেই তিনি বলেন, ফাইনালের মতো বড় মঞ্চে দেশের মাটিতে খেলতে নামা তাঁর কাছে বিশেষ সম্মানের।

সাংবাদিক বৈঠকের শুরুতেই উঠে আসে নিউজ়িল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের মন্তব্যের প্রসঙ্গ। স্যান্টনার বলেছিলেন, প্যাট কামিন্সের মতোই আহমেদাবাদের এক লক্ষ দর্শককে চুপ করিয়ে দিতে চান তিনি। উত্তরে হেসে সূর্য বলেন, “সবাই একই কথা বলছে। নতুন কিছু বলুন। আমাদের দলের পরিবেশ দারুণ। দেশের মাটিতে এমন একটা স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামছি, সেটা ভেবেই ভাল লাগছে।”

দলের স্পিনার বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক ফর্ম নিয়েও কোনও উদ্বেগ নেই ভারতের অধিনায়কের। তাঁর মতে, ক্রিকেটে উত্থান–পতন স্বাভাবিক এবং দলগত প্রচেষ্টাতেই ম্যাচ জেতা সম্ভব। সূর্যের কথায়, “ও বিশ্বের এক নম্বর বোলার। বরুণ জানে কোন ম্যাচে কী ভাবে বল করতে হয়। ফাইনালে ও অবশ্যই নিজের সেরাটা দেবে।”

প্রথম একাদশ নিয়ে প্রশ্ন উঠতেই মজার ছলে সূর্যের উত্তর, “কাল মাঠে নেমেই দেখে নিন দল কী হচ্ছে। সব কিছু আগে বলে দিলে তো আর মজা থাকবে না।”

চলতি বিশ্বকাপে ভারতের বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে অফস্পিনারদের সাফল্যের প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে। পরিসংখ্যান বলছে, অফস্পিনারদের বলেই ভারতের ১৫টি উইকেট পড়েছে। অথচ ফাইনালে প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের দলে রয়েছেন একাধিক অফস্পিনার। তবে এ নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন সূর্য। তিনি বলেন, “আমরা এসব নিয়ে খুব বেশি ভাবি না। পরিস্থিতি বুঝে খেলতে হয়। আগের ম্যাচেই দেখেছেন, ঈশান কিষাণ, শিবম দুবে ও তিলক বর্মা কী ভাবে অফস্পিনারদের সামলেছে।”

নিউজ়িল্যান্ডের পরিকল্পনা প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দেন ভারত অধিনায়ক। স্যান্টনার জানিয়েছেন, তাঁরা ভারতকে ২৫০ রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করবেন। সূর্যের জবাব, “কত রান ভাল স্কোর হবে, সেটা পিচের উপর নির্ভর করে। আমরা পিচ বুঝে খেলব।”

ম্যাচে শিশিরের প্রভাব নিয়ে প্রশ্ন উঠতেই প্রথমে মজা করেই উত্তর দেন সূর্য। এক সাংবাদিক যখন জানতে চান, শিশিরের কথা মাথায় রেখে ম্যাচ বিকেল ৩টেয় করা উচিত ছিল কি না, তখন সূর্যের মন্তব্য—“আমি যখন আইসিসি-তে যাব তখন এটা নিয়ে ভাবব।” যদিও পরে তিনি স্বীকার করেন, সন্ধ্যার ম্যাচে শিশির প্রভাব ফেলতেই পারে এবং সে ক্ষেত্রে আগে ব্যাট করা কিছুটা সুবিধাজনক হতে পারে।

ফাইনালের মতো বড় মঞ্চে দলের অনেক ক্রিকেটারেরই প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। তবে আইপিএল এবং অন্যান্য প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতাই চাপ সামলাতে সাহায্য করবে বলে মনে করেন সূর্য। তাঁর কথায়, কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং অনুশীলনে নিজেকে চ্যালেঞ্জ করা—এই দুই বিষয়ই ম্যাচের চাপ সামলাতে সাহায্য করে।

দলের পরিবেশ প্রসঙ্গে সূর্য বলেন, ভারতীয় দল এখন অনেকটাই পরিবারের মতো। “আমাদের দলে সবাই সবার সঙ্গে কথা বলতে পারে। সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে,” বলেন তিনি।

ফাইনালের মতো ম্যাচে অভিজ্ঞতার গুরুত্বও আলাদা করে তুলে ধরেন ভারত অধিনায়ক। তাঁর মতে, দলে বুমরাহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটারদের উপস্থিতি বড় সম্পদ। কোচও এর আগে ফাইনাল খেলেছেন। তাই ম্যাচের আগে বাসে কিংবা ডিনারের টেবিলে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

গত দু’বছর ধরে ভারতের নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার। তাঁর নেতৃত্বের ধরণ নিয়েও স্পষ্ট মত প্রকাশ করেন তিনি। “আমি দলের বড় ভাই বা অভিভাবক হয়ে উঠতে চাই না। ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া খুব জরুরি। আমি ওদের বলি, যেভাবে সাফল্য পেয়েছ, সেই ভাবেই খেলো। ভারতের জার্সি পরলেই আলাদা আবেগ কাজ করে,” বলেন সূর্য।

ফাইনালের আগে ভারতীয় শিবিরে তাই বার্তা একটাই—চাপ নয়, আত্মবিশ্বাসেই জয়ের পথ খুঁজবে দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.