টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিল নিউজিল্যান্ড শিবির। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারতের বিরুদ্ধে মাইন্ড গেম খেলতে দেখা গেল কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারকে। তাঁর মতে, নিজেদের সমর্থকদের সামনে খেলতে নামায় ভারতের উপরই থাকবে বাড়তি চাপ।
সাংবাদিকদের সামনে স্যান্টনার বলেন, “ভারতের সমর্থকরা মাঠে থাকবে নিজেদের দলের জয় দেখার প্রত্যাশা নিয়ে। স্বাভাবিকভাবেই সেটা ভারতের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনও সময় ম্যাচের রং বদলে যেতে পারে। আমাদের লক্ষ্য একটাই—রবিবারের ফাইনাল জেতা। আমরা আমদাবাদের মানুষকে চুপ করাতে চাই না, বরং তাদের হৃদয় ভেঙে ট্রফিটা নিয়ে যেতে চাই।”
সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েই ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তরুণ ওপেনার ফিন অ্যালেন। স্যান্টনার বলেন, “এই টুর্নামেন্টে প্রত্যেক দলই ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছে। কেউই ধারাবাহিকভাবে একই রকম পারফরম্যান্স করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা গোটা টুর্নামেন্টে ভাল খেললেও আমাদের বিরুদ্ধে হেরে যায়। ইংল্যান্ডও বড় রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। আমরা আশা করছি ফাইনালেও ভাল পারফরম্যান্স করতে পারব।”
দল কতটা প্রস্তুত, সে প্রশ্নে কিউয়ি অধিনায়ক বলেন, “ফাইনালে নামার জন্য দলের প্রত্যেকেই ভীষণ উৎসাহিত। এখানকার উইকেটে সাধারণত অনেক রান ওঠে। আমরা যদি আগে ব্যাট করি, তা হলে বোর্ডে বড় রান তোলার চেষ্টা করব। এখানে আগে খেলেছি, তাই উইকেট নিয়ে বিশেষ চিন্তা নেই।”
ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে প্রশ্ন উঠতেই স্যান্টনার বলেন, “বুমরা নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। সেমিফাইনালে শেষ দুই ওভারে ও পার্থক্য গড়ে দিয়েছিল। তবে আমরা নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে নিয়ে বেশি ভাবছি না। দল হিসেবে ছোট ছোট পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচ জিততে চাই।”
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক অফফর্ম নিয়েও প্রশ্ন ওঠে। স্যান্টনারের জবাব, “বরুণ অসাধারণ বোলার। খুব দ্রুতই ও ফর্মে ফিরবে বলে আমার বিশ্বাস। তবে সেগুলো আমাদের ভাবনার বিষয় নয়। আমাদের লক্ষ্য ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রাখা। আশা করব ওদের ২৫০ রানের মধ্যে আটকে রাখতে পারব।”
ফাইনালের আগে দুই দলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। মাঠে নামার আগে স্যান্টনারের এই মন্তব্য যে মনস্তাত্ত্বিক লড়াইকে আরও উসকে দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার, রবিবারের মহারণে শেষ হাসি কার মুখে ফুটে।







