ভোর থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। শনিবার সকাল গড়াতেই কোথাও ঝমঝমিয়ে, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। তবে এই দুর্যোগ খুব বেশি সময় স্থায়ী হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের মতে, দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ়ের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। শনিবার সকালের মধ্যেই সেটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নচাপের প্রভাবও ধীরে ধীরে কমবে।
এর জেরেই শনিবারের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকছে না। কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে আপাতত নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।
তবে উপকূলীয় এলাকায় এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। উপকূলের কাছে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই শনিবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও বড় কোনও আবহাওয়া সতর্কতা থাকছে না।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।
অর্থাৎ, শনিবার সকালের বৃষ্টির পর আপাতত মিলতে চলেছে স্বস্তি। এখন নজর একটাই—দুপুরের পর সত্যিই কি বৃষ্টি পুরোপুরি কমে যাবে, নাকি ফের কালো মেঘ জমিয়ে শহরে নামবে নতুন দফার বর্ষণ?







