আগামী মাসে রাজ্যে ভোটের সম্ভাবনা, তার আগে থেকেই রাজ্যের রাজনৈতিক শিবিরগুলোতে প্রচারের উত্তাপ বাড়ছে। দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতারা, কেন্দ্রীয় মন্ত্রীরা ইতিমধ্যেই ‘দৈনিক যাত্রা’ শুরু করেছেন। এবারের নির্বাচনে রাজ্যে পদ্মফোটানোর লক্ষ্য নিয়ে পরিবর্তন যাত্রা নিয়ে রাজ্যজুড়ে সফরে বেরিয়েছে বিজেপি। ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে এই যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এমনই সময় রবিবার সেই একই মাঠে জনসভা করেন তৃণমূলের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে ৫০-এর নিচে নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সভায় সমাগম দেখে অভিষেক বলেন, “চিত্রগ্রাহক বন্ধুদের বলব, আমাকে না দেখিয়ে ১০–১৫ মিনিট এই ভিড় দেখান। এটা ট্রেলার মাত্র, পুরো সিনেমা দেখাব মে মাসে।”
রবিবার মথুরাপুরে জনসভা পূর্বনির্ধারিত ছিল। ২ মার্চ রায়দিঘির মাঠ থেকেই অমিত শাহ পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অভিযোগ তুলে পরিবর্তনের ডাক দেন তিনি। ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান তুলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন যাত্রা এখনো চলছে এবং ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার মাধ্যমে এর সমাপ্তি হবে।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, রাজ্যজয়ের স্বপ্নে বিজেপির এই যাত্রা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী সফল হচ্ছে না। দিল্লি থেকে শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী, হাইপ্রোফাইল মুখ্যমন্ত্রীরাও অংশ নিয়েছেন, তবু সমর্থকদের উৎসাহ কম। অনেক সভা ফাঁকা হয়ে যায়। বঙ্গের বিজেপি নেতারা কখনও হতাশ, কখনও রেগে যাচ্ছেন।
সেই হতাশার ছবি তুলে মথুরাপুরের জনসভায় কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, “আপনার সভায় কতজন ছিল? এখানে ছবিটা দেখুন। সংবাদমাধ্যমের ক্যামেরাম্যানদের বলব, এই ভিড় দেখান। তখনই তারা বুঝতে পারবে জনসমর্থন কোথায়। নারীশক্তি আমাদের সঙ্গে আছে। নারীশক্তি থাকলে কেউ আমাদের হারাতে পারবে না।” এরপরই চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বিজেপিকে ৫০-এর নিচে নামাব। আগেরবার ৭৭ আসন পেয়েছিল, এবার কমবে। জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। বারবার হেরে যাওয়া সত্ত্বেও অন্যভাবে বাংলাকে অপদস্ত করতে চাচ্ছেন। এসআইআরের মাধ্যমে তা করতে চাইছেন। কিন্তু যতদিন এই অত্যাচার চলবে, তৃণমূল জনতার স্বার্থে রাস্তায় থাকবে। যেমন ধরনায় নেত্রী এখন ধর্মতলায় কর্মসূচি চালাচ্ছেন।”







