এসআইআর (SIR) মামলা ঘিরে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা কি পিছিয়ে যাবে? কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, জাতীয় নির্বাচন কমিশন চাইলে ভোটের নোটিফিকেশন জারি করতেই পারে।
প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এদিন মামলার শুনানিতে জানানো হয়, এখনও প্রায় ৬০ লক্ষ আবেদন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য ভোট ঘোষণা আটকে রাখার কোনও প্রয়োজন নেই। ফলে নির্বাচন ঘোষণার ক্ষেত্রে কমিশনের সামনে এখন আর আইনি বাধা নেই।
কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা এই আবেদনগুলির নিষ্পত্তির কাজ করছেন। সুপ্রিম কোর্টে দেওয়া একটি স্ট্যাটাস রিপোর্টে হাইকোর্ট জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন খারিজ করা হয়েছে।
শুনানির সময় মামলাকারীদের আইনজীবীরা যুক্তি দেন, এত বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি না হলে ভোট ঘোষণায় দেরি করা উচিত। এমনকি প্রস্তাব দেওয়া হয়, প্রয়োজনে ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ীই নির্বাচন করা যেতে পারে। কিন্তু সেই আবেদনেও গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট।
বরং আদালত জানিয়েছে, নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করার পর পরিস্থিতির অগ্রগতি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তখন আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।
এর ফলে রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়ানো আরেকটি জল্পনাও কার্যত খারিজ হয়ে গেল। ৬০ লক্ষ আবেদন নিষ্পত্তি না হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে—এমন আশঙ্কা নিয়ে যে রাজনৈতিক আলোচনা চলছিল, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর তা আর বাস্তবসম্মত থাকছে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কবে ঘোষণা হবে ভোটের দিন?
সূত্রের খবর, সোমবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ মার্চের কথা উল্লেখ করেছিলেন। যদিও তিনি স্পষ্টভাবে ঘোষণা করেননি যে ওই দিনই ভোট ঘোষণা করা হবে। তবু প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, আগামী সোমবার ভোট ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, এখনও যেসব আবেদন বিবেচনাধীন রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। আদালতে জানানো হয়েছে, ইতিমধ্যেই যেসব আপত্তি নিষ্পত্তি হয়েছে, সেগুলি সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কবে প্রকাশ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন—উভয় পক্ষই হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলবে কমিশন। পরে সেই সাপ্লিমেন্টারি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সাধারণ মানুষকেও জানানো হবে।
এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশও দিয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে এবং যাঁদের আবেদন জুডিশিয়াল অফিসাররা খারিজ করেছেন, তাঁদের জন্য একটি স্বাধীন আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
এই ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতিরা থাকতে পারেন। প্রয়োজন হলে প্রতিবেশী রাজ্যের প্রাক্তন বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত কোনও প্রশাসনিক সংস্থার কাছে চ্যালেঞ্জ করা যাবে না। আপিল জানাতে হলে ওই ট্রাইব্যুনালের কাছেই যেতে হবে।
সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণের পর স্পষ্ট—ভোট ঘোষণা নিয়ে আর কোনও আইনি জটিলতা নেই। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।







